ঝালকাঠী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের টাকা না দেওয়ায় ঝালকাঠীতে বুধবার স্ত্রীর ঠোঁট কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
রাজাপুর উপজেলার পুরাতন জেলাখানা সড়কে এ হামলায় আহত রোজিনা বেগমকে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোজিনা যশোরের ঝিকরগাছা উপজেলার বিসহারী গ্রামের আবুল হোসেনের মেয়ে। রাজাপুরের জেলখানা সড়কের ইউনুস হাওলাদারের স্ত্রী।
হাসপাতালে রোজিনা বেগম সাংবাদিকদের বলেন, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি মেয়েও আছে।
কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য স্বামী ইউনুস তার উপর শারীরিক নির্যাতন করে আসছিল। কয়েকদিন ধরে বাবার বাড়ি থেকে ২০ হাজার টাকার এনে দিতে চাপ দিচ্ছিল।
“এ টাকা দিতে না পারায় সকালে ধারালো দা দিয়ে ইউনুস আমার ঠোঁট কেটে দেয়,” বলেন রোজিনা।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজিনার উপরের ঠোঁটে ধাড়ালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
তার আঘাত গুরুতর বলে জানান এই চিকিৎসক।
রাজাপুর থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্ত ইউনুসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24