ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী নিখোঁজ হওয়ার পর ১২ দিনেও তার সন্ধান না পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
সোমবার সকাল ১১টায় বনানীতে নিজেদের বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার সন্তানেররা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনায় রয়েছে। তাদের স্কুলেও পাঠানো যাচ্ছে না। যে কোনো মূল্যে আমি আমার স্বামীকে ফেরত চাই।”
“প্রধানমন্ত্রী যদি সুযোগ করে দেন, তাহলে আমরা পরিবারের সদস্যরা আমরা তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চাই”, যোগ করেন তিনি।
তাহসিনা বলেন, “স্বজন হারানোর বেদনা ও অনিশ্চিয়তার যন্ত্রণা প্রধানমন্ত্রী বোঝেন। সুযোগ পেলে তার সঙ্গে দেখা করে বলবো- দয়া করে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাকে উদ্ধার করে সন্তানদের কাছে ফিরিয়ে দিন। আমরা আজীবন কৃতজ্ঞ থাকব।”
ইলিয়াসকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ধীরে ধীরে কমে আসছে অভিযোগ করে রুশদীর বলেন, সর্বশেষ তিন দিন আগে তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তদন্তে থাকা কর্মকর্তারা। এরপর আর কেউ এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করেননি।
ইলিয়াস আলীর দুই ছেলে আবরার ইলিয়াস (১৮), লাবিব শারা (১৬) ও মেয়ে সাইয়ানা নাওয়ালও (৮) সংবাদ সম্মেলনে মায়ের পাশে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে তাহসিনা বলেন, “কোথাও কোনো তথ্য পাচ্ছি না। কেউ কোনো কিছু জানাচ্ছেন না। এরপরেও স্বামীর আশায় আছি।”
“ইলিয়াস আলীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তা হলে সরকার তার বিরুদ্ধে আইনসম্মত যে কোনো ব্যবস্থা নিতে পারে। তাতে আমাদের কারো কোন আপত্তি নেই”, লিখিত বক্তব্যে বলেন তিনি।
ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তাহসিনা বলেন, “যদি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করাও হয়ে থাকে, তা হলে অন্তত আমাদের জানানো হোক যে তিনি জীবিত আছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন। একজন নাগরিক হিসাবে এটুকু দাবি করা কোনো অন্যায় চাওয়া নয়।”
সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তাদের উদ্ধারে র্যাব ও পুলিশ পূবাই, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালালেও খোঁজ মেলেনি এই বিএনপি নেতার।
বিএনপির অভিযোগ, সরকারই ইলিয়াসকে ‘গুম’ করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববার থেকে বিএনপির ডাকে সারা দেশে ফের দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
সোমবার হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআই/জেকে/১১৫৫ ঘ.
bdnews24