২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ঢাকার বাইরে সংঘর্ষ, ভাঙচুর

পুলিশের সঙ্গে পিকেটারদের বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চলছে বিএনপির টানা দ্বিতীয় দিনের হরতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে পিকেটারদের বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চলছে বিএনপির টানা দ্বিতীয় দিনের হরতাল। এ সমব ঘটনায় বেশ কয়েক জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী বনানী এলাকা থেকে ‘নিখোঁজ’ হন। বিএনপির দাবি, র‌্যাব তাকে তুলে নিয়ে গেছে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এটি বিরোধীদলের ‘নাটক’। ইলিয়াসকে নিজেরা লুকিয়ে রেখে এখন ‘গুমের’ অভিযোগ করছেন। ইলিয়াসের সন্ধান চেয়ে রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের পর সোমবারও পূর্ণদিবস হারতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের জোট। এম ইলিয়াস আলী সিলেট মহানগর বিএনপির সভাপতিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেট প্রতিনিধি জানান, সিলেটে ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে। র‌্যাব ও পুলিশ সদস্যরা নগরীর প্রতিটি মোড় দখল করে আছে। সকাল ১১টা পর্যন্ত সিলেট নগরীর কোথাও বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি। রোববার হরতালে সংঘর্ষের পর পুলিশের দায়ের করা মামলায় সিলেটে অন্তত সাড়ে ১২শ’ নেতাকর্মীকে আসামি করা হয়। গ্রেপ্তারের ভয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্থায় নামেনি বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। শহরে কিছু রিকশা ও আটোরিকশা চলতে দেখা গেলেও ভারি যান চলাচল বন্ধ রয়েছে। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সিলেট রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সকাল ৮টা ২০ মিনিটে সিলেট থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্যেশ্যে ছেড়ে গেছে। পৌনে ১১টায় পাহাড়িকা এক্সপ্রেস চট্রগ্রামের উদ্যেশ্যে ছেড়ে যায়। হরতালের কারণে অধিকাংশ এলাকায় রাস্তাঘাট ফাঁকা। বেশিরভাগ দোকানপাটও রয়েছে বন্ধ। সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পরে নগরীর চৌহাট্টা এলাকা থেকে একটি মিছিল বের করলে পুলিশ একশ’ গজ দূরে শহীদ মিনার এলাকায় তা আটকে দেয়। পরে তারা সেখানেই অবস্থান নেন। হরতালে নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে আম্বরখানা, চৌহাট্টা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, মিরাবাজার, টিলাগড়, সিটি পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে র‌্যাবের টহল। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, “হরতালে এখন পর্যন্ত সব কিছু শান্তিপূর্ণ। কোন ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। হরতালের প্রথম দিনে ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে থানা ঘেরাও ও দফায় দফায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হলেও সোমবার সেখানে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে বলে জানান থানার ওসি (তদন্ত) চাঁন মিয়া। সিলেটের পুলিশ সুপার জানান, ১২ উপজেলাতেও শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহী প্রতিনিধি জানান, হরতালের দ্বিতীয় দিন দুই দফায় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সকাল সোয়া ৬টার দিকে উপশহর আমবাগান এলাকায় বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান মিনু’র নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটিকে মৎস্য ভবনের সামনে বাধা দিলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মিনুর। বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। বোয়ালিয়া থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এসময় আতাউর নামে পুলিশের এক কনস্টেবলসহ পাঁচ জন আহত হয়। সকাল সোয়া ১০টার দিকে জেলা বিএনপি’র সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে মনিচত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি কলেজিয়েট স্কুলের সামনে আসলে পিছন থেকে লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত পাঁচ জন আহত হয়। পরে তারা রাজশাহী কলেজের ভেতর ঢুকে পড়ে। সাহেব বাজার, জিরো পয়েন্ট, মনিচত্বর, বিএনপি কার্যালয়, রেলগেটসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। রাজশাহী থেকে ট্রেন ছেড়ে গেলেও কোনো বাস ছাড়েনি। বন্ধ রয়েছে দোকানপাট। নরসিংদী প্রতিনিধি জানান, হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ায় ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছে, ভাঙচুর করা হয়েছে পুলিশের একটা গাড়ি। আটক করা হয়েছে ১০ জনকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টায় শহরের বাজিরমোড় গোলাপ চত্বরে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের একটি ভ্যান ভাঙচুর করে হরতাল সমর্থকরা। এ ঘটনায় পুলিশ ১০ পিকেটারকে আটক করেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সিদ্ধিরগঞ্জে ও সদরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এবং মণ্ডলপাড়াপুল এলাকায় হরতাল সমর্থকদের মিছিলে পুলিশ বাধা দিলে এসব সংঘর্ষ হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জেলা পুলিশের বরাত দিয়ে জানান, পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২১ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। এ ছাড়া খাগড়াছড়িতে ছয় এবং সিরাজগঞ্জে দুই জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৪৩৬ ঘ.