ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তফসিল ঘোষণা না এলেও ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে সেনা মোতায়েনের কথা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
মঙ্গলবার ডিসিসি নির্বাচনের প্রস্তুতিমূলক কমিশন বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
কাজী রকিব বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় স্বাভাবিকের বাইরে কিছু করা হবে না। স্থানীয় সরকার আইন মেনেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হবে।
স্থানীয় সরকার আইনে আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনা বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী নেই।
বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ইসি সচিবালয়ের দুই জন নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গকে ‘তিলকে তাল’ করার সঙ্গে তুলনা করেন কাজী রকিব।
সিইসি বলেন, “সেনা মোতায়েনের কথা প্রথমেই মাথায় আসছে কেনো? আইন-শৃঙ্খলা বাহিনী যতটুকু দরকার, ততটুকু দেওয়া হবে। খামোকা কেনো তিলকে তাল করবো?”
স্বাভাবিক পরিস্থিতিতে পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট বলে মনে করেন এই অবসরপ্রাপ্ত সচিব।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে কাজী রকিব বলেন, ডিসিসি’র দুইভাগে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি ইসির রয়েছে। মধ্য এপ্রিলের আগে তফসিল দেওয়া হবে।
আইনী বাধ্যবাধকতায় ২৯ মে’র মধ্যে এই দুই সিটি করপোরেশনে নির্বাচনের কথা রয়েছে।
ডিসিসিতে মোট ভোটার ৩৮ লাখ ৫৮ হাজার ৯৫৫ জন। দু ভাগে ৯২টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১২টি, দক্ষিণে ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে। সম্ভাব্য মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৯৫৭টি ও ভোটকক্ষ ১০ হাজার ২৫৬টি।
আসন্ন এ নির্বাচন উৎসবমুখর পবিবেশে হবে- এমন আশা রেখে সিইসি বলেন, “আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। এখন পরিস্থিতি ভালো মনে হচ্ছে।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে বসছে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৭১৫ ঘ.
bdnews24