বেনাপোল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে বেনাপোল বাজার থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক পাচারকারীকে।
উদ্ধারকৃত তিনজন হলো- মাদারীপুর জেলার শিবচর থানা এলাকার মোহন মাতব্বরের মেয়ে মাধবী খাতুন (১৬), একই এলাকার আব্দুস সালামের মেয়ে রূপা আক্তার (১৭) ও ঢাকার সবুজবাগ থানা এলাকার আব্দুল মান্নানের মেয়ে অনন্যা খাতুন (১৫)।
পাচারের অভিযোগে আটক শামসুল হক রনি মাদারীপুরের শিবচর থানা এলাকার সাজেদুর রহমানের ছেলে।
বেনাপোল বন্দর থানা পুলিশের ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কয়েকজন কিশোরীকে ভারতে পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ বেনাপোল বাজারে অভিযান চালায়। এ সময় ওই তিন কিশোরীকে উদ্ধারের পাশাপাশি রনিকে আটক করা হয়।
এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২২৪ ঘ.
bdnews24