কক্সবাজার, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের পছন্দে বিয়ে করায় কক্সবাজারের উখিয়া উপজেলায় ভাইদের পিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার (১৮ মার্চ) তাকে পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের স্ত্রী উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা সাংবাদিকদের বলেন, নিদানিয়া গ্রামের প্রয়াত চেহের আলীর ছেলে ছৈয়দ হোসেন (৩০) স¤প্রতি নিজের পছন্দের পাত্রী একই গ্রামের মো. ছিদ্দিকের মেয়ে রেনুয়ারা আক্তারকে (২০) বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে বাড়ি গেলে ভাইদের সঙ্গে তার বিবাদ শুরু হয়।
অভিযোগের বরাত দিয়ে ওসি আরো বলেন, এর জেরে ১৮ মার্চ বিকালে ছৈয়দ হোসেনের চার ভাই আব্দুল হক (৪৫), আবুল হোছন (২৭), আবুল কাশেম (৩৫) ও মো. আলম (২৩) তাকে প্রচণ্ড মারধর করে। পরে মুখে বিষ ঢেলে দেয়।
এরপর তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ছৈয়দ হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন।
রেনুয়ারা বেগম সাংবাদিকদের বলেন, তার স্বামীর হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি প্রভাবশালী মহল বিষপানে আত্মহত্যা করেছে বলে চালানোর চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24