২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিতা-পুত্র হত্যা: ফাঁসির দণ্ডের ৯ আসামি খালাস

পুরান ঢাকার আলোচিত শামসুল হক ও তার ছেলে শেখ মো. রাসেল হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ড পাওয়া নয় আসামিকে খালাস দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার আলোচিত শামসুল হক ও তার ছেলে শেখ মো. রাসেল হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ড পাওয়া নয় আসামিকে খালাস দিয়েছে হাই কোর্ট। খালাস পাওয়া আসামিরা হলেন- মো. আব্দুর রহিম, কাজী নুর কাইয়ুম, মো. রফিকুল ইসলাম ওরফে কাজল, মো. সিরাজুল ইসলাম ওরফে ফারুক, মলয় সরকার ওরফে মলয়, ভূট্টো ওরফে আবু তালেব ভূট্টো, কামাল ওরফে নরসিংদী কামাল, মিন্টু, মিজান ওরফে মীর জন। এদের প্রথম দুজন কারাগারে। বাকিরা পলাতক রয়েছেন। নিহত পিতা-পুত্রকে হত্যা করে ১৬ টুকরা করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছিল। রোববার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও মো. শওকত হোসেনের বেঞ্চ আপিল ও ডেথ রেফারেন্স শুনানি করে খালাসের আদেশ দেয়। ২০০৪ সালের ২৬ মার্চ হাজী শামসুল হক ও তার ছেলে শেখ মো. রাসেলকে মোহাম্মদপুরের একটি বাসায় ডেকে নিয়ে হত্যার অভিযোগে ওই বছরেরই ২৭ মার্চ সূত্রাপুর থানায় মামলা করেন শামসুল হকের স্ত্রী মোসা. সুফিয়া খাতুন। মামলায় কাজলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করেন তিনি। রোববার আসামি রহিম ও কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন শেখ মো. আলী ও এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ সাগর। পরে শেখ মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় আমাদের দুই মক্কেল হাই কোর্টে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। অন্য আসামিদের সঙ্গে ডেথ রেফারেন্সের জন্যও এটা হাই কোর্টে পাঠানো হয়েছিল। তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী ও প্রমাণ না থাকায় আদালত তাদের খালাস দিয়েছে বলে জানান এ আইনজীবী। তিনি বলেন, “অন্য মামলা না থাকলে তাদের মুক্তি দিতে বলেছে আদালত।” “তবে বাকি সাত জনের বিষয়ে আদেশ কী হয়েছে, তা আমি বলতে পারছি না।” কাজী মো. ইজারুল হক আকন্দ সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি মূলত ডেথ রেফারেন্সের জন্য হাই কোর্টে এসেছিল। সেই সঙ্গে দুই আসামির আপিলও ছিল।” “যে দুটি লাশের কথা মামলায় বলা হচ্ছিল, সেগুলো নিহত দুই ব্যাক্তির কি-না, তা প্রমাণিত না হওয়ায় আদালত পুরো ডেথ রেফারেন্সের আবেদনই খারিজ করে দিয়েছে। তার মানে হচ্ছে, এই মামলায় মৃত্যু দণ্ড প্রাপ্ত সবাই খালাস।” রহিম ও কাইয়ুম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিলও করেছিলেন। ২০০৫ সালের ২৮ নভেম্বর ঢাকার দ্রুত বিচার আদালত-১ নয় আসামিকে মৃত্যুদণ্ড দেয়। নিু আদালতের এই রায়ের সময় রহিম কারাগারে থাকলেও কাইয়ুম ছিলেন বাইরে। রায়ের পরের মাসে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩৫০ ঘ.