২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির সড়ক সংস্কারে বরাদ্দ চান মেয়র

অতিবর্ষণ ও জোয়ারে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম মহানগরীর সড়ক মেরামত ও সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে পর্যাপ্ত বরাদ্দের আহ্বান জানিয়েছেন মেয়র মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিবর্ষণ ও জোয়ারে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম মহানগরীর সড়ক মেরামত ও সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে পর্যাপ্ত বরাদ্দের আহ্বান জানিয়েছেন মেয়র মনজুর আলম। রোববার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) সভা কক্ষে অনুষ্ঠিত ১৫ তম মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মেয়র বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) মাধ্যমে এরই মধ্যে ২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। "নগরীর অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ ও যোগানের সংকটে সা¤প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত ও সংস্কারে দেরি হচ্ছে।" এসব কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন মনজুর আলম। সিডিএ যেসব সড়ক সংস্কার করছেন তারমধ্যে বেশ কয়েকটি রাস্তা সিসিসি'র আওতাধীন। কিন্তু কতৃপক্ষকে না জানিয়ে এসব রাস্তার সংস্কার শুরু করে নির্দিষ্ট সময়ে শেষ না করায় সিডিএ কর্তৃপক্ষের সমালোচনাও করেন তিনি। সভায় চট্টগ্রামকে পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নগর অবকাঠামো প্লানিং সেল গঠনের আলোচনা হয় বলে জানান সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন। সভায় প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/২২২২ ঘ.