২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আহ্বান

ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আহ্বান জানিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ আহ্বান জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাস, ঈদুল ফিতর ও আসন্ন দূর্গা পূজার কারণে অনেক করদাতার পক্ষে সেপ্টেম্বর মাসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না। এ জন্য রির্টান দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হোক। বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সময়সীমা বাড়ানোর সুপারিশ পাঠানো হয়েছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর সেপ্টেম্বর মাসজুড়ে আয়কর বিবরণী জমা নেওয়া হয়। তবে বিভিন্ন মহলের দাবির মুখে প্রতি বছরই এ সময়সীমা বাড়ানো হয়ে আসছে। বাড়াবে না বলেও গত বছর এ সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছিল। এর আগে এক মাসও বাড়ানোর নজির রয়েছে। তবে ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন আহমেদ জানান, এবার ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর বিবরণী জমা দিতে হবে। তিনি বলেন, "৩০ সেপ্টেম্বর শুক্রবার হলেও সেদিনও কর কার্যালয়গুলো খোলা থাকবে। ব্যাংকগুলোও খোলা রাখার জন্য বলেছি আমরা, কেন্দ্রীয় ব্যাংকও এতে ইতিবাচক সাড়া দিয়েছে।" রাজস্ব বোর্ডের হিসাবে, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ২৬ লাখ। এর মধ্যে করদাতার সংখ্যা ৯ লাখ। ২০০৯-১০ অর্থবছরে ৮ লাখ ১৫ হাজার করদাতার কাছ থেকে আয়কর আদায় হয়েছিলো ১৭ হাজার ৮৭ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ২১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৮২৫ ঘ.