ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে কামরুজ্জামান মিঠু (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানা এলাকার শ্যামলী রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারের দক্ষিণ দিকের রাস্তায় এই হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তার পাশে দাঁড়ানো মিঠুকে খুব কাছ থেকে ৫-৬টি গুলি করে এক যুবক। এরপর সে একটি প্রাইভেট কারে করে শিয়া মসজিদের দিকে চলে যায়।
মাথা ও পিঠে গুলিবিদ্ধ মিঠুকে উদ্ধার করে স্থানীয় লোকজন হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া চান জানান, মিঠু মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৪২ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ইউনিটের সদস্য। তার বাসা মোহাম্মদপুরের টিক্কা পাড়ায়।
কারা কী কারণে মিঠুকে হত্যা করেছে- সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২৪৮ ঘ.
bdnews24