২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলো ঈদুল ফিতর

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই প্রায় এক মাসের সিয়াম সাধনার পর বুধবার আনন্দ উৎসবের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করবে মুসলমান সম্প্রদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই প্রায় এক মাসের সিয়াম সাধনার পর বুধবার আনন্দ উৎসবের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করবে মুসলমান সম্প্রদায়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ পালনের দিন নির্ধারিত হয়। এ বিষয়ে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সাংবাদিকদের বলেন, "শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সারাদেশে ঈদুল ফিতর পালিত হবে।" ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম ও প্রধান ঈদ জামাত রাজধানীতে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। তবে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে এ জামাত হবে বায়তুল মোকাররমে। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন। বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একটি করে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) উদ্যোগে এবার মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬০টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৬১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বাণী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "ঈদ অর্থ আনন্দ, খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর মানবজাতির জন্য বয়ে আনে এক অনাবিল আনন্দ ও খুশির বারতা।" "ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে স¤প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন তাই চিরন্তন।" প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, "ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও স¤প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।" তিনি বাংলাদেশ ও মুসলিম স¤প্রদায়ের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। বিরোধীদলীয় নেতা তার বাণীতে বলেন, "ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সব সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।" প্রধানমন্ত্রীর কর্মসূচি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের দিন সকালে গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রথমে সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের সঙ্গে, বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিচারপতিদের সঙ্গে এবং বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাবেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির কর্মসূচি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ঈদের সকাল ১০টায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার, উচ্চ আদালতের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিরোধীদলীয় নেতার কর্মসূচি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত কূটনীতিক ও দাতা দেশের প্রতিনিধিদের সঙ্গে এবং দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন লেডিস ক্লাবে। এরপর তিনি শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সরকারি ও বেসরকারি কর্মসূচি ঈদের দিন সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বনানী-ঢাকা গেইট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক এবং সড়ক দ্বীপগুলোতে (আইল্যান্ড) জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লিখিত ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হবে। এছাড়া ঈদের রাতে কিছু সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলো কয়েকদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান স¤প্রচার করবে। জাতীয় দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। এক তথ্য বিবরণীতে জানানো হয়, ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে সিটি কর্পোরেশনের আওতাধীন সব শিশু পার্কে প্রবেশ, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবার রাজধানীর বিপনী বিতান ও কাঁচা বাজারগুলোতে চলে মানুষের শেষ মুহূর্তের ব্যস্ততা। ঘরে ঘরে চলছে ঈদের শেষ প্রস্তুতি। ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ নামাজের জন্য চাই টুপি ও আতর। অনেকের শেষ কেনাকাটা ছিল এই টুপি ও আতর। গৃহিণীরা মসলা বাটা, সেমাই ভাজা ও ছোট ছেলেমেয়ে ও তরুণীরা হাতে মেহেদী লাগানোর উৎসবে মেতে ওঠে। সদ্য কেনা নতুন কাপড় কখন পড়া হবে সেজন্য শেষ প্রহর গুণছে ছোটরা। সাধ আর সাধ্য দুই-ই আছে এমন মেয়েদের অনেকে মেহেদি ও চুলের পরিচর্চা করছেন বিউটি পার্লারে। রমজানের শেষ দিনে পুরনো ঢাকায় অনেক পরিবারে বিশেষ ইফতারের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইচসি/পিসি/এসইউএম/পিডি/১৯৫৭ ঘ.