চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন কুমিরায় অচল হয়ে পড়ার সাড়ে চার ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
কুমিরা স্টেশন মাস্টার আবুল বাসেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই স্টেশনে অচল হয়ে পড়ে।
"পরে দুপুর ১২টা ৩৫ মিনিটে কম গতিতে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়।"
ট্রেনটি ছেড়ে যাবার পর চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান বাসেত।
অতিরিক্ত যাত্রী বহন করায় মঙ্গলবার মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটির তিনটি বগি কুমিরা স্টেশনে অচল হয়ে পড়ে। এতে করে ঈদে ঘরমুখো মানুষ ব্যাপক দুর্ভোগে পড়ে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল ট্রাফিক অফিসার মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাতটা ২০ মিনিটে ট্রেনটি ১১টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।
তিনি জানান, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী হওয়ায় শেষের তিনটি বগি কুমিরা যাবার পর অচল হয়ে পড়ে এবং ট্রেনটি সেখানেই থেমে পড়ে।
ট্রেনটি আটকে পড়লে চট্টগ্রাম থেকে পরবর্তীতে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেন দেরিতে ছাড়ে। তবে কুমিরা এলাকায় ডাবল লাইন থাকায় ঢাকা বা অন্যান্য স্থান থেকে ট্রেন আসতে কোনো সমস্যা হয়নি বলে জাকির হোসেন জানান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহানগর প্রভাতী ট্রেনটি এর বগির নির্ধারিত আসন ছাড়াও দাঁিড়য়ে, ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপের কারণে যাত্রীর সংখ্যা বেশি ছিল বলে রেলওয়ে থেকে জানানো হয়।
এদিকে, কুমিরা স্টেশনে ট্রেনটি অচল হয়ে পড়ার পর যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে স্টেশনের বিভিন্ন কক্ষ ভাঙচুর করে রেল লাইনে ব্যারিকেড দেয়।
স্টেশন মাস্টার আবুল বাসেত জানান, ''ট্রেনটি আটকে যাওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ যাত্রীরা রেললাইনে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে স্টেশন মাস্টারের কক্ষের চেয়ার, টেবিল, টেলিফোন সেট, জানালা, আসবাবপত্র ভাঙচুর করে।"
এছাড়া তারা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটিও আটকে দেয়।
এ সময় সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন জানান, মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি সামান্য পরীক্ষার পর দুপুর ১২টা ৩৫ মিনিটে ধীর গতিতে কুমিরা স্টেশন ছেড়েছে। আন্তঃনগর ট্রেনের স্বাভাবিক গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার থাকলেও এটি ২৫-৩৫ কিমি বেগে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।
এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস সকাল সাড়ে ৯টায় ছাড়ার কথা থাকলেও এটি চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায় ১০টায়। ট্রেনটি ঘটনাস্থল কুমিরা থেকে পুনরায় যাত্রা শুরু করে দুপুর ১টা ২৫ মিনিটে।
এছাড়া সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ৮টা ২৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছাড়ার কথা থাকলেও এটি ছেড়ে যায় আরো আধ ঘণ্টা দেরিতে। তবে এটি কুমিরা স্টেশনে আটকা পড়েনি।
আটকা পড়া চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৮টা ২৫ মিনিটে ছাড়লেও কুমিরা স্টেশন ছেড়ে যায় ১২টা ৫৭ মিনিটে।
কুমিরা স্টেশনের স্টেশন মাস্টার আবুল বাসেত এসব তথ্য জানান।
এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তুর্ণা নিশীথা ও মেইল ট্রেন চট্টগ্রাম স্টেশনে যথাসময়ে পৌঁছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/পিডি/১৭১৫ ঘ.
bdnews24