ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে পাঁচশ ৭১ কোটি ৮২ লাখ একানব্বই হাজার টাকা গ্যাস বিল পাবে দেশের পাঁচটি গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান।
এর মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) ৩৯০ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার টাকা, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটিডের (বিজিডিসিএল) ২৬ কোটি ৫০ লাখ এক হাজার টাকা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) ৯৫ কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকা, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের (পিজিসিএল) ১১ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ৭১ কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকা বকেয়া রয়েছে।
ঢাকা মহানগরী ও এর আশপাশের এলাকায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল আজিজ খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৪টি মন্ত্রণালয়সহ কয়েকটি সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে ৩৯০ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার টাকা বকেয়া রয়েছে।
"তাগিদ দিয়েও এসব প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায় করা সম্ভব হচ্ছে না।"
তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ১৫১ কোটি তিন লাখ ২৮ হাজার টাকা বাংলাদেশ কেমিক্যাল ইণ্ড্রাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং ১০৪ কোটি ৭২ লাখ ৬৮ হাজার টাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে বকেয়া রয়েছে।
"মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ ৪৫ কোটি ১৫ লাখ ৮১ হাজার টাকা পাট মন্ত্রণালয়ের কাছে এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে ২২ কোটি ২৩ লাখ ৬৯ হাজার টাকা পাওনা রয়েছে।"
এছাড়া এক কোটি ৩৮ লাখ ৫৫ হাজার টাকা ঢাকা ওয়াসা এবং ৬৩ লাখ ২৩ হাজার টাকা ঢাকা সিটি কর্পোরেশনের কাছে বকেয়া রয়েছে বলে জানান এমডি।
সদ্য শেষ হওয়া সংসদের দশম অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক জানান, "সরকারি প্রতিষ্ঠানের কাছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটিড ২৬ কোটি ৫০ লাখ এক হাজার টাকা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ৯৫ কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকা বকেয়া রয়েছে।"
এছাড়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড ১১ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৭১ কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকা বকেয়া রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বিজিডিসিএল বৃহত্তর কুমিল্লা অঞ্চলে, জেজিটিডিএসএল সিলেটে, পিজিসিএল সিরাজগঞ্জ অঞ্চলে এবং কেজিডিসিএল চট্টগ্রামে গ্যাস বিতরণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯২৭ ঘ.
bdnews24