২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই ক্রেতাকে পিটিয়েছে দোকানিরা

রাজধানীর একটি মার্কেটে এক খাবারের দোকানে দুই ক্রেতার সঙ্গে কথা কাটাকাটির পর তাদের পিটিয়েছে দোকানের মালিক ও কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি মার্কেটে এক খাবারের দোকানে দুই ক্রেতার সঙ্গে কথা কাটাকাটির পর তাদের পিটিয়েছে দোকানের মালিক ও কর্মচারীরা। নীলক্ষেতে চাঁদনি চক মার্কেটে মারধরের শিকার ব্যক্তিরা হলেন ফরহাদ ও তার ভাগ্নে সোহেল। মামা-ভাগ্নের পাল্টা আঘাতে দোকান মালিক মফিজুল ইসলামও আহত হয়েছেন। এ ঘটনায় ওই মামা-ভাগ্নেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরহাদ তার স্ত্রী ও ভাগ্নে সোহেলকে নিয়ে মার্কেটের দোতলার 'সিজান রেষ্টুরেন্ট' নামের একটি খাবার দোকানে যান। তখন বসা নিয়ে দোকানের মালিকপক্ষের সঙ্গে তাদের মারামারি হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোহেল জানান, রেস্টুরেন্টে ভিড়ের কারণে মামা ও মামী বসার সুযোগ পেলেও তিনি আসন না পেয়ে ক্যাশ বাক্সের কাছে একটি টুলে বসতে চাইলে মালিক পক্ষের লোকজন তাতে বাধা দেয়। "এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের লোকজন তাকে মারধর করে। তখন মামা (ফরহাদ) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।" তিনি বলেন, ওই মার্কেটে তার একটি রুপার দোকান আছে। মামা-মামী ঈদের কেনাকাটা করতে আসায় তিনি তাদের সঙ্গ দিচ্ছিলেন। ওসি জানান, ঘটনার পর পুলিশ গিয়ে মামা-ভাগ্নে ছাড়াও মালিক পক্ষের মনির নামের একজনকে থানায় নিয়ে আসে। মামা-ভাগ্নে আহত হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দোকান মালিক মফিজুল ইসলামের ভাই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাত থেকে আট জনের একদল সন্ত্রাসী তার ভাইয়ের রেস্টুরেন্টে ঢুকে তার ভাইকে এলোপাতাড়ি কোপায়। "এ সময় তারা দোকান থেকে ২০ লাখ টাকাও লুট করে।" মালিকপক্ষের এ অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএইচ/পিডি/২১৪০ ঘ.