সাভার, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে অনুমোদনহীন একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনের কারণে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার সকালে সাভার থানাস্ট্যান্ড সংলগ্ন পলাশ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেডে উর্মী কস্তা (১৯) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়।
উর্মী কস্তা সাভারের কমলাপুর এলাকার জনি কস্তার স্ত্রী।
ঘটনার পর থেকে হাসপাতালের মালিক ডা. সৈয়দ মোকারম হোসেন পলাশ পলাতক রয়েছেন।
উর্মীর স্বামী জনি ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত ২০ অগাস্ট এই হাসপাতালে ভর্তির পর উর্মীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়। ২৩ অগাস্ট বাড়িতে নিলে তার অবস্থার অবনতি ঘটলে ২৫ অগাস্ট আবার ওই হাসপাতালে নেওয়া হয়।
ওখান থেকে শুক্রবার পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিলে সাভার এনাম মেড্যিাকল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
পলাশ হসপিটালে ভুল অপারেশনের কারণে উর্মীর মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা দাবি করছে।
হাসপাতালের মালিক ডা. সৈয়দ মোকারম হোসেন পলাশ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালটি নতুন করেছি। অনুমোদন এখনো নেওয়া হয়নি।"
রোগী মারা যাওয়ার ব্যাপারে তিনি বলেন, "আমরাতো অপারেশন ঠিকমতোই করেছি। এরপরও কেন মারা গেল তা বোঝা যাচ্ছে না।"
ঢাকার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমি শুনেছি। যেহেতু হাসপাতালটির কোনো অনুমোদর নেই, তদন্ত করে এর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.
bdnews24