ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্রবাহিনীর সদস্যদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে শুক্রবার সশস্ত্রবাহিনীর ইফতারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।
অন্যদের মধ্যে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হকসহ মন্ত্রিসভার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি জেনারেল এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া তিন বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ইফতারে অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে ২০০৯ সালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সশস্ত্রবাহিনীর ইফতারে অংশ নেন।
তবে গত বছর খালেদা জিয়া এ ইফতারে যাননি। আর এবার ওমরাহ পালনে তিনি সৌদি আরবে অবস্থান করছেন।
৩০ অগাস্ট খালেদা জিয়া দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০৩১ ঘ.
bdnews24