ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে এক অটোরিকশা চালককে মারধরের জের ধরে শুক্রবার অবরোধের মুখে বুড়িগঙ্গা প্রথম সেতুতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
পুলিশের উপস্থিতিতে শুক্রবাব দুপুর ২টার দিকে যান চলাচল শুরু হয় বলে জানান শ্যামপুর থানার উপ-পরিদর্শক (্এসআই) আবু তাহের।
শুকর আলী নামে শ্যামপুরের এক অটো রিকশাচালক অভিযোগ করেন, চাঁদা না পেয়ে মের্সাস সাজ্জাদ স্টিল মিলের মালিক নুর আলম বাবুল আহমেদের নেতৃত্বে ৩০-৪০ জন শ্রমিক নিয়ে প্রথমে অটোরিকশা স্ট্যান্ডে ও পরে বুড়িগঙ্গা সেতুর ঢালে বাস কাউন্টারে হামলা চালায়।
এ অভিযোগ অস্বীকার করেন নুর আলম বাবুল। তিনি বলেন, "রাস্তা দখল করে যানজট সৃষ্টি করে রেখেছে অটোরিকশা চালকরা তাই আমি প্রতিবাদ করতে গিয়েছি।"
ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সানজিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা শুনে আমি শ্যামপুর থানার ওসিকে তা অবহিত করি। পরে তিনি সেখানে যান।"
পুলিশের উপস্থিতিতে যান এক ঘণ্টার মধ্যেই চলাচল শুরু হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/২০১৪ ঘ.
bdnews24