ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর, গোপালগঞ্জ, কুমিল্লা ও খুলনায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে শুক্রবার ফরিদপুরে দুইজন, গোপালগঞ্জে একজন, কুমিল্লায় দুইজন এবং বৃহস্পতিবার রাতে খুলনায় একজনের মৃত্যু হয়।
ফরিদপুর প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাÑখুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন মাহবুব শেখ (৩২) ও চুন্নু শেখ (২৮)। আহত হন একজন।
এরা সবাই মোটরসাইকেল আরাহী।
আহত কাঞ্চন শেখ (১৬) চুন্নুর ভাই। তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। মাহবুবের বাড়ি ভাঙ্গার আলগী গ্রামে।
কাঞ্চন শেখকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহাদ জানান, মোকছেদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার বিজয়পাশা মোড়ে বিকাল সাড়ে ৪টার দিকে বাসের ধাক্কায় সিরাজ মিয়া (৬০) নামে এক ভ্যান চালক নিহত হন।
সিরাজ মিয়ার বাড়ি সদর উপজেলার তেবাড়িয়া গ্রামে।
সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের ধাক্কায় ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুমিল্লা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুরে দাউদকান্দি উপজেলায় পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
দাউদকান্দি থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, হাসানপুর এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান পথচারী ফজিতুলন্নেছাকে (৫৫) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ফজিতুলনেছা উপজেলার গয়েশপুর গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী।
অপরদিকে ইলিয়টগঞ্জে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুল বারেকের (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন তিনজন।
বারেকের বাড়ি দাউদকান্দির জিংলাতলী গ্রামে।
আহতদের স্থানীয় গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, নগরীর নূরনগর এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী প্রকৌশলী আব্দুর রহমান আজাদ শাওন (৩০) নিহত হন।
আহত হয়েছেন তার স্ত্রী হুমায়রা আজাদ ডালিয়া (২৮)। তাকে নগরীর সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পেশায় মেরিন ইঞ্জিনিয়ার শাওন কর্মস্থল চট্টগ্রাম থেকে ঈদ করতে খুলনা আসেন। স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
খালিশপুর থানার ওসি মো. শাহবুদ্দিন আজাদ জানান, বৃহস্পতিবার রাতে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান স্ত্রীসহ শাওনের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যান।
সার্জিক্যাল ক্লিনিকে নেওয়ার পথে শাওনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24