নোয়াখালী, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জে ভেজাল হোমিও ওষুধ তৈরির কারখানা থেকে 'ওষুধ'সহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার গভীর রাতে চৌমুহনীর সুধীর রঞ্জন রায়ের বাড়িতে কথিত হোমিও কারখানায় অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা মূল্যমানের 'ওষুধ'সহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
এ সময় মালিকপক্ষের কাউকে পাওয়া না গেলেও গ্রেপ্তার হন আবদুর রহমান নামে এক শ্রমিক।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে আবদুর রহমান গত দুই বছর ধরে সুধীর রঞ্জন রায়, রাজন ও কৃষ্ণ নামের তিন ব্যক্তি যৌথভাবে এ ব্যবসা চালিয়ে আসছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় শুক্রবার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশারফ হোসেন বেগমগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৮২০
bdnews24