২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরিতে দুই বাসের চাপায় যাত্রীর মৃত্যু

কাওড়াকান্দি থেকে মাওয়া অভিমুখী একটি ফেরিতে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 05:50 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

মুন্সীগঞ্জ, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাওড়াকান্দি থেকে মাওয়া অভিমুখী একটি ফেরিতে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেরি কাবেরী ডুবোচরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি সুব্রত সাহা জানিয়েছেন। নিহত বাসযাত্রীর নাম মো. মন্টু মিয়া (২৫)। তার বাড়ি নড়াইলের ইসমা গ্রামে। তার লাশ মাওয়া পুলিশ ফাঁড়িতে রয়েছে। পুলিশ কর্মকর্তা সুব্রত সাংবাদিকদের বলেন, ফেরি কাবেরী কাওরাকান্দি থেকে মাওয়ায় আসার পথে মাগুরখন্ড চ্যানেলে এর সঙ্গে ডুবোচরের ধাক্কা লাগে। ডুবোচরের কারণে ফেরি যমুনা ও রানীক্ষেত রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত মাগুরখণ্ড চ্যানেলে আটকে ছিলো বলে ওসি জানান। ফেরি দুটি কাওড়াকান্দি থেকে মাওয়া আসছিলো। ঈদের আগে বাড়ির চাপ বেশি। এর মধ্যে দুটি ফেরি আটকে পড়ায় মাওয়া ও কাওড়াকান্দি দুই ঘাটেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় পড়া কাবেরীসহ দুটি রো রো ফেরি শুক্রবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অন্যটি হলো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরি, এ দুটো অবশ্য বৃহস্পতিবার থেকেই চালু হয়েছে। শাজাহান খান বলেন, মাওয়া-কাওড়াকান্দি রুটে এ দুটি ফেরি যোগ হওয়ায় মানুষের ঈদে বাড়ি ফেরায় ভোগান্তি কমবে। ফেরি উদ্বোধনের পর মন্ত্রী মাগুরখণ্ড চ্যানেল পরিদর্শন করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান সাংবাদিকদের বলেন, মাগুরখণ্ড চ্যানেলে এ নাব্য সঙ্কটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, "এটি প্রকৃতিগত সমস্যা। প্রচণ্ড স্রোত তাই ড্রেজিংও করা যাচ্ছে না। তবে সঙ্কট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৫ ঘ.