ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছে সরকার। এ বিষয়ে খবরাখবর নিতে ও দিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস ও দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা হচ্ছে।
"বিরাজমান পরিস্থিতিতে দেশটিতে সৃষ্ট যে কোনো অবস্থা মোকাবেলায় দূতাবাস ও মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে হলে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারেও প্রস্তুতি নেওয়া হয়েছে", বলেছে মন্ত্রণালয়।
এজন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), আন্তর্জাতিক রেডক্রস সোসাইটিসহ (আইসিআরসি) অন্য বিভিন্ন সংস্থা ও পাশের দেশগুলোর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
মন্ত্রণালয়েয় নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বরগুলো হলো- ৭১৬৮৬০৬, ০১৯১২৮৯৯১০২, ০১৭১৬৪৩২৭১৮, ০১৭১১০৬৮৭৭৭, ০১৭১২২০৫১৫৫, ০১৭১২২৪৫৯৮৬, ০১৭১৫২৯৭১৭৬, ০১৭৩১০১৫২৫৭, ০১৭১২৬৮২৩৫২, ০১৭২৭৫৩১১০০, ০১৭১৫৮৩০৪৮৪।
কয়েক মাস যুদ্ধের পর মঙ্গলবার লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতন হয়েছে। তবে কয়েকটি স্থানে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে।
চলতি বছরের ফেব্র"য়ারিতে লিবিয়ার অস্থিরতা শুরু হওয়ার পর থেকে সেখানে অবস্থানরত লক্ষাধিক বাংলাদেশি ফিরতে শুরু করে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় এ পর্যন্ত ৩৬ হাজার বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৩০ ঘ.
bdnews24