ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাদে অন্য সব সদস্যকে গ্রেপ্তারের নির্র্দেশ দিয়েছে হাইকোর্ট।
ইবনে সিনার ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলী রয়েছেন। এ এন এম এ জাহের ও শাহ আব্দুল হান্নানের মতো জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিও রয়েছেন এর ট্রাস্টি বোর্ডে।
বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চের এ নির্দেশ অনুযায়ী এ দুজনসহ আট জন গ্রেপ্তার হতে চলছেন।
ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত কমোডর আতাউর রহমান, অধ্যাপক শামসুদ্দীন আহমেদ, অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, অধ্যাপক এ কে এম সদরুল ইসলাম, নাজির আহমেদ ও কাজী হারুণ আল রশীদ। এর মধ্যে নাজির আহমেদ মারা গেছেন।
গ্রেপ্তারের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ধানমণ্ডি অঞ্চলের সহকারী কমিশনার এবং ধানমণ্ডি থানার ওসিকে।
গত ১৫ অগাস্ট বৈশাখী টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, চিকিৎসায় অবহেলার কারণে ওই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনটি আদালতের নজরে এলে এ বিষয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করা হয়।
আদালতের আগের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ডিএমপির সহকারী কমিশনার ও ধানমণ্ডি থানার ওসি এবং মৃত শিশুর বাবা-মা আদালতে হাজির হন।
চিকিৎসায় অবহেলার অভিযোগ ব্যাখ্যায় ইবনে সিনার কর্মকর্তা ও কয়েক চিকিৎসককে তলবের পাশপাশি তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা ১২ দিনের মধ্যে ধানমণ্ডি থানার ওসিকে ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছিলো একই বেঞ্চ।
ওই আদেশের পর ইবনে সিনার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
এ বিষয়ে আদালত বৃহস্পতিবার বলে, "চেয়ারম্যান ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তার বয়স ৯৫ বছর। তাকে আমরা অব্যাহতি দিয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক হবে না।"
নবজাতকের মৃত্যুর ঘটনায় শিশুটির বাবা ইদ্রিস শিকদার একটি মামলা করেন।
মামলার আসামি কারা- আদালত জানতে চাইলে পুলিশ জানায়, দুই চিকিৎসক ও দুই সেবিকাকে আসামি করা হয়েছে।
ট্রাস্টি বোর্ডের সদস্যদের আসামি না করার কারণ আদালত জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, মামলার এজাহারে ইবনে সিনা কর্তৃপক্ষ কথাটিও উল্লেখ রয়েছে।
এ সময় আদালত বলে, "কর্তৃপক্ষ বলতে ট্রাস্টি বোর্ডের সব সদস্যকে বোঝায়। আর ব্যবস্থা বলতে বোঝায় গ্রেপ্তার। তাই তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে।"
আদালত পুলিশকে বলে, "ইবনে সিনা কর্তৃপক্ষের অনেক টাকা রয়েছে। তাদের একজন (জাহের) তো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। তাদের কাছে বিক্রি হয়ে যাবেন না। পুলিশের পোশাক যে সব কিছুর উর্ধ্বে তা প্রমাণ করুন।"
"তাদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে কিন্তু তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাবে। তাদের অনেক নামি-দামি আইনজীবী রয়েছে", মন্তব্য করে আদালত।
আদালত বলে, "আমরা এ ঘটনার গভীর পর্যন্ত যাবো। এটাকে আমরা ছেড়ে দিচ্ছি না। নিু আদালতে এ ঘটনায় দায়ের হওয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা এর তদারক করবো।"
আদালত বৈশাখী টিভির সংশ্লিষ্ট প্রতিবেদক মাহবুবুল আলম লাভলুকে নিরাপত্তা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গুলশান অঞ্চলের সহকারী কমিশনার ও গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ওই নবজাতকের বাবা ইদ্রিস শিকদারকে নিরাপত্তা দিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানির এক পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন বলেন, শুধু চিকিৎসা অবহেলায় নয় ওই হাসপাতালের সহকারী ব্যবস্থাপক সুলতান মাহমুদ ধানমন্ডি থানায় একটি মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাতে বলা হয়েছে, হাসপাতালের ক্যাশবক্স থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
হাইকোর্ট বলে, জিডির বক্তব্য কিছুতেই সত্য হতে পারে না।
ইদ্রিস শিকদারের বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে জিডি করায় ইবনে সিনার সহকারী ব্যবস্থাপক সুলতান মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। সুলতানকে ১৬ অক্টোবর আদালতে হাজির হতেও বলা হয়েছে।
প্রতিবেদন প্রচার না করতে বৈশাখী টিভির প্রতিবেদককে উৎকোচ দিতে চাওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে ইবনে সিনা হাসপাতালের উপব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড মার্কেটিং) তাজুল ইসলামকেও ১৬ অক্টোবর আদালতে হাজির হতে হবে।
আদালত বৈশাখী টিভির ওই সাংবাদিকের প্রশংসা করে বলেন, "ঘুষ সাধার পরও প্রত্যাখ্যান করার মতো লোক এ যুগে খুব কম। আর আপনি সেটাই করেছেন।"
হাইকোর্টে উপস্থিত লাভলু আদালতে বলেন, "ওই সংবাদটি প্রচার না করার জন্য ইবনে সিনা ট্রাস্টের ডিজিএম তাজুল ইসলাম ঘুষ দিতে চেয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আজ তো শুক্রবার। চেক দিতে পারছি না। আপনাকে প্যাকেট পাঠিয়ে দেবো।"
ওই বক্তব্যের একটি সিডিও তিনি আদালতে দাখিল করেন।
শুনানিতে ধানমণ্ডি থানার ওসি মনিরুজ্জামান বলেন, "আমাদের অনেক কাজ করতে হয়। অনেক সময় সাতদিনে একবার পত্রিকা দেখার সুযোগ পাই না। জিডি হওয়ার পর আমি বিষয়টি জানতে পারি। মোহাম্মদপুরে নবজাতকের অভিভাবকের বাসায় গিয়ে দেখি তালা দেওয়া। পরে শিশুটির বাবার সঙ্গে টেলিফোনে কথা বলি। তিনি ঢাকায় আসার সঙ্গে সঙ্গে মামলা করার পরামর্শ দিই।"
তখন আদালত বলে, "আমরা ঢাকা মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞ। ২ আগস্ট তারা আমাদের প্রটেকশন দিয়েছিলেন (ওই দিন হাইকোর্টের এই বেঞ্চে আমিনীর মামলায় খালেদা জিয়া প্রসঙ্গ আসার পর বিশৃঙ্খলার সৃষ্টি হয়)।"
আদালতে ল্যাব এইড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুল কান্তির চিকিৎসায় অবহেলার অভিযোগে হাইকোর্টের তলবে বৃহস্পতিবার হাজির হন ল্যাব এইডের চেয়ারম্যান ডা. সালেহা আহমেদ, পরিচালক আবু মো. শামীম, ডা. সুচরিতা আহমেদ, ডা, এ কে এম মাহবুবুল হক, ডা. মো. মঞ্জুর রহমান, ডা. মুনীরা আফরিন ও ডা. মাজেদুল ইসলাম।
ইবনে সিনার শুনানি শেষ হওয়ার পর ল্যাব এইডের শুনানি শুরু হয়। শুরুতেই তাদের আইনজীবী আনিসুল হক আদালতে বলেন, ল্যাব এইড ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ লাখ টাকা দিয়েছে।
এতে আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, খুন করে পয়সা দিয়ে আপস করা যায় না। পয়সা আছে বলেই এ রকম ঘটনায় বিচার কেড়ে নেবেন, তা তো হতে পারে না।
পরে আদালত আগামী ১০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন এ সময়ের মধ্যে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে পুলিশকে নির্দেশ দেয়।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনে গত ১৭ অগাস্ট ল্যাব এইডের কর্তাব্যক্তিদের তলব করা হয়েছিলো।
স্কয়ার হাসপাতালে নবজাতক 'চুরি'
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আজিম উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা ইয়াসমীনের সন্তানের 'প্রকৃত' পরিচয় নির্ধারণ নিয়ে ব্যাখ্যা দিতে আদালতে হাজির হন স্কয়ার হাসপাতালের নির্বাহী কর্মকর্তা কে এম সাইফুল ইসলাম এবং দুই চিকিৎসক দেবযানী সানিয়েল ও নার্গিস ফাতেমা।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও আজিম উদ্দিনের করা এক রিট আবেদনে গত ১৪ আগস্টের আদালত তাদের তলব করেছিলো।
আদালত এ বিষয়ক শুনানির জন্য আগামী ২০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করে।
আজিমের সন্দেহ, তার নবজাতক সন্তানকে চুরি করে মৃত একটি শিশু তাদের দেওয়া হয়। এ অভিযোগ এনে মামলা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০৫৩ ঘ.
bdnews24