শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের মহীসোপানে বাংলাদেশের সীমানা নিয়ে জাতিসংঘে শুনানি হয়েছে বুধবার।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমাদের বক্তব্য জাতিসংঘে তুলে ধরেছি। সবকিছু চমৎকারভাবে হয়েছে।"
এই শুনানিতে অংশ নিতে গত ২২ অগাস্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের উদ্দেশ্যে যাত্রা করেন দীপু মনি।
মহীসোপানে মালিকানা নিয়ে গত ২৫ ফেব্র"য়ারি জাতিসংঘে অবস্থানপত্র জমা দেয় বাংলাদেশ। সাগরের সীমানা নির্ধারণের সূচনা বিন্দু থেকে ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় বাংলাদেশের মালিকানা রয়েছে বলে সেখানে দাবি করা হয়।
ওই অবস্থানপত্রে বলা হয়, "মহীসোপানে বাংলাদেশের মালিকানা সাগরের ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার এলাকার সমান।"
আবদুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পররাষ্ট্রমন্ত্রী শুনানিতে বাংলাদেশের দাবি নিয়ে প্রাথমিক ও সমপানী বক্তব্য দেন। এর মাঝে অতিরিক্ত সচিব খুরশিদ আলম এই দাবির পক্ষে কারিগরি ও আইনি বিষয়গুলো তুলে ধরেন।"
এ বিষয়ে মিয়ানমার ও ভারতের বক্তব্য শোনার পর জাতিসংঘ কমিশন রায় দেবে বলে আবদুল মোমেন জানান।
জাতিসংঘের সমুদ্র সীমানা নির্ধারণ কমিশন বঙ্গোপসাগরের মহীসোপান নিয়ে বিরোধ নিস্পত্তিতে ২০০১ সালের ২৬ অগাস্ট কাজ শুরু করে।
মিয়ানমার ও ভারতের আপত্তি
গত ৩১ মার্চ জাতিসংঘে এক আপত্তিপত্রে মিয়ানমার দাবি করে, ২০০ নটিক্যাল মাইলের পর মহীসোপানে বাংলাদেশের কোনো অধিকার নেই।
গত ২০ জুন ভারতও এ বিষয়ে জাতিসংঘে আপত্তিপত্র দেয়। সেখানে বলা হয়, বাংলাদেশ সমুদ্র সীমার সূচনা বিন্দু নির্ধারণে জাতিসংঘের সমুদ্র আইন (ইউএনসিএলওএস) মানেনি।
মিয়ানমার ও ভারতের দাবির বিষয়ে আপত্তি জানিয়ে বাংলাদেশও জাতিসংঘে অবস্থানপত্র জমা দেয়।
বাংলাদেশের অবস্থানপত্র
সাগরের সীমানা নির্ধারণের সূচনা বিন্দু থেকে ২০০ নটিক্যাল মাইলের পরও যে বাংলাদেশের অধিকার আছে- এ বক্তব্যের সমর্থনে বিভিন্ন কারিগরি ও আইনি তথ্য তুলে ধরা হয়েছে জাতিসংঘে জমা দেওয়া অবস্থানপত্রে।
ওই অবস্থানপত্র তৈরিতে জার্মানির ফেডারেল ইনস্টিটিউট অব জিওসায়েন্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (বিজিআর), নরওয়ের জিআরআইডি, ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের সেন্টার ফর কোস্টাল অ্যান্ড ওশান ম্যাপিং, স্ক্রিপস ইনস্টিটিউট অব ওসানোগ্রাফি এবং যুক্তরাষ্ট্রের কলামন্বিয়া ইউনিভার্সিটির ল্যামন্ট- ডোহের্টি আর্থ অবজারভেটরির পরামর্শ নেয় বাংলাদেশ।
এছাড়া জমা দেওয়ার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের অর্থনৈতিক ও আইনি শাখারও পরামর্শ নেওয়া হয়।
জাতিসংঘ সমুদ্রসীমা কমিশনের সদস্য ড. হেরাল্ড ব্রেকেও বাংলাদেশকে এ বিষয়ে সহায়তা দেন।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় সমুদ্র সীমানার বিষয়টিও আলোচনায় আসে। তবে কর্মকর্তা পর্যায়ে পরবর্তী বৈঠকগুলোতে ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি জাতিসংঘে গড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/০১২২ ঘ.
bdnews24