২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাপেক্সকে দিয়েই তেল-গ্যাস অনুসন্ধানের সুপারিশ

খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সকে দিয়েই পরিচালনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সকে দিয়েই পরিচালনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বাপেক্সের সামর্থ্যে না কুলালে তবেই কোনো বিদেশি সংস্থাকে এ কাজের দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মত প্রকাশ করা হয়েছে কমিটির সভায়। বুধবার সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সভা হয়। নোয়াখালীর সুন্দলপুর ক্ষেত্রে গ্যাস পাওয়ায় সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে বাপেক্সকে আরো শক্তিশালী করে স্থলভাগে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান ও আহরণের কাজ তাদের দেওয়ার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, আব্দুস শহীদ, আব্দুল কাদের খান ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বৈঠকে অংশ নেন। গত ১৭ অগাস্ট নোয়াখালীর সুন্দলপুর ক্ষেত্রে গ্যাস পায় বাপেক্স। ওই ক্ষেত্র থেকে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুর্তজা আহমেদ ফারুক। ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম এবং ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সালদায় দ্বিতীয় ক্ষেত্রে গ্যাস পায় বাপেক্স। এছাড়া ২০০৪ সালে কুমিল্লার শ্রীকাইলে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার হলেও শেষ পর্যন্ত তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিদেশি কোম্পানিগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার সান্টোস, কানাডার নাইকো, আইরিশ কোম্পানি তাল্লো, যুক্তরাষ্ট্রের শেভরন, হ্যালিবার্টন ও কনকো ফিলিপস বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে খনিজ অনুসন্ধান ও উত্তোলন করছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূ-ভাগে গ্যাস, তেলসহ অন্যান্য খনিজ আহরণে বাপেক্সের মাধ্যমে অনুসন্ধান চালানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তবে সাগরে কিংবা যেখানে কার্যক্রম পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা অর্জিত হয়নি, সে সব স্থানে বিদেশি কোম্পানির মাধ্যমে অনুসন্ধান চালানোর পক্ষে মত দেওয়া হয়েছে কমিটির সভায়। কমিটির সদস্যরা ২২ সেপ্টেম্বর বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চাকরি স্থায়ী করার দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা মঙ্গলবার থেকে ধর্মঘট পালন করছে। ফলে বুধবারও খনিতে কয়লা উত্তোলন বন্ধ থাকে। অন্যদের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মেজবাহউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮২৪ ঘ.