২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরোয়ানা ছাড়া টুকুকে গ্রেপ্তার নয়: হাইকোর্ট

ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে বের হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া অন্য কোনো মামলায় গ্রেপ্তার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে বের হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া অন্য কোনো মামলায় গ্রেপ্তার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। টুকুর পাশাপাশি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির এবং যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুর ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ বুধবার বিএনপির সহযোগী সংগঠনগুলোর তিন নেতার আবেদনে এ আদেশ দেন। ছাত্র ও যুবদল নেতাদের কৌঁসুলি খোন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মূল মামলায় জামিন পাওয়ার পরও আরো বিভিন্ন মামলায় ওই তিন জনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এটা আইন বহির্ভূত পদক্ষেপ। তাই নির্দিষ্ট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাদের গ্রেপ্তার ঠেকাতে হাইকোর্টে এ আবেদন করা হয় বলে জানান তিনি। ছাত্রদল সভাপতি টুকুকে গত ৫ জুলাই আটক করা হয়। তাকে মগবাজারে গাড়ি পোড়ানোর মামলায় প্রথমে গ্রেপ্তার দেখায় পুলিশ। কিন্তু তাতে তিনি জামিন পেলেও অন্য কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তিনি মুক্তি পাচ্ছেন না। টুকুর ভাই সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮০০ ঘ.