ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক পথের ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে রেলপথের উন্নয়ন ও সম্প্রসারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
পাশাপাশি সড়ক ও মহাসড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে বিপদমুক্ত ও স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ এসেছে।
মঙ্গলবার জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি এসব সুপারিশ করে।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল আকবর, হাফিজ আহমদ মজুমদার, মোস্তফা ফারুক মোহাম্মদ, এস কে আবু বাকের এবং মোহাম্মদ রফিকুল ইসলাম বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা অর্থ ছাড়ে জটিলতা দূর করা, সব পর্যায়ে দুর্নীতি বন্ধ, সুষ্ঠুভাবে দায়িত্ব পালন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে অর্থের যথাযথ ব্যবহার ও অপচয় রোধের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরের মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/এএল/২৩২২ ঘ.
bdnews24