নোয়াখালী, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী এনামুল হক খান নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুন্দলপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শনে গেছেন।
সোমবার সকাল ১০টার দিকে তারা কোম্পানীগঞ্জ উপজেলা সদরে পৌঁছান। এরপর তারা যান সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে সুন্দলপুর গ্যাসক্ষেত্রে। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরও তাদের সঙ্গে রয়েছেন।
সুন্দলপুর কূপে গ্যাস পাওয়ার কথা গত ১৭ অগাস্ট নিশ্চিত করে উত্তোলনকারী রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বাপেক্স। গত বছরের ২১ ডিসেম্বর প্রতিমন্ত্রী কূপ খনন কাজ উদ্বোধন করেছিলেন।
এ গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। এ ক্ষেত্রের গ্যাস আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলেও মনে করছে বাপেক্স।
'সুন্দলপুর তেল, গ্যাস অনুসন্ধান কূপ খনন' প্রকল্পের পরিচালক আব্দুল হালিম জানান, ভূ-পৃষ্ঠের ১ হাজার ৪০০ মিটার নিচে গ্যাস মিলেছে। এর আগে দেশে এত কম গভীরতায় গ্যাস পাওয়া যায়নি।
সুন্দলপুর ক্ষেত্র নিয়ে দেশে মোট গ্যাসক্ষেত্রের সংখ্যা দাঁড়ালো ২৪টিতে। নতুন এ কূপ থেকে উৎপাদন শুরু হলে চালু কূপের সংখ্যা হবে ৮০টি।
১৯৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম এবং ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সালদায় দ্বিতীয় ক্ষেত্রে গ্যাস পায় বাপেক্স। এছাড়া ২০০৪ সালে কুমিল্লার শ্রীকাইলে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার হলেও শেষ পর্যন্ত তা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পেট্রেবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২০০ কোটি ঘনফুট উৎপাদন হচ্ছে। সে হিসেবে ৫০ কোটি ঘনফুট ঘাটতি থাকছে।
সুন্দলপুরের গ্যাস ফেনী ও নোয়াখালীতে সরবরাহ শুরু হলে চট্টগ্রামে গ্যাস সঙ্কট মিটবে বলে আশা করছে পেট্রোবাংলা। কারণ এখন এ দুটি জেলায় গ্যাস আসে চট্টগ্রাম থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/এমআই/১১৫৫ ঘ.
bdnews24