গাইবান্ধা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিরাম বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের প্রবল ¯্রােতে বাঁধ ভেঙে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে।
শনিবার ও রোববার পৌর এলাকার খুলসী চাঁদপুর, দরবস্ত ইউনিয়নের গোসাইপুরে করতোয়া নদী এবং মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া এলাকায় বাঙ্গালি নদীর বাঁধ ভেঙে গেছে।
এতে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াহেদ জানান, শনিবার ভোরে পানির তীব্র স্রোতে খুলসী চাঁদপুর এলাকায় বাঁধটির প্রায় এক হাজার মিটার ধসে যায়। রোববার সকাল ৮টার দিকে দরবস্ত ইউনিয়নের গোসাইপুর এলাকায় ৫শ' মিটার এবং সকাল ৯টার দিকে চর বালুয়া এলাকায় প্রায় ৭শ' মিটার বাঁধ ধসে পড়ে।
"এতে গোবিন্দগঞ্জ পৌরসভা, গুমানীগঞ্জ, মহিমাগঞ্জ, দরবস্ত, রাখালবুরুজ, নাকাই, তালুককানুপুর, ফুলবাড়ী ও শাপমারা ইউনিয়নের ৭০ গ্রাম প্লাবিত হয়েছে। হাজার-হাজার পরিবার পানিবন্দি হয়েছে," বলেন তিনি।
এছাড়া শত শত হেক্টর জমির সদ্য রোপন করা আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে।
ইউএনও আরো জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানিবন্দিদের দ্রুত সরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, করতোয়া ও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধির ফলে বালুয়া, কুনতাইড় ও বোচাদহ গ্রামের অন্তত চারশ' ঘরবাড়ি এবং কয়েকশ' বিঘা জমি নদীগর্ভে হারিয়ে গেছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, করতোয়া নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ও নদীতীরের ভাঙন ঠেকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.
bdnews24