ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লালদীঘিকে সুইমিং পুলে রূপান্তরের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
দীঘি নিয়ে গতবছর দেওয়া এক রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার এ রায় দেয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ রায় দেয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের প্রেক্ষিতে ২০১০ সালের ১৮ মে আদালত এ কার্যক্রম স্থগিত করে রুল দেয়। রুলে 'লালদীঘিকে সুইমিং পুলে রুপান্তরের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না' এবং 'দীঘিটি সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না,' তা জানতে চাওয়া হয়।
রিট আবেদনে বলা হয়, লালদীঘি বায়ান্নর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। নগর উন্নয়ন কর্তৃপক্ষের নকশায় লালদীঘিকে দীঘি হিসেবে চিহ্নিত করে গুরুত্বের সঙ্গে সংরক্ষণ ও ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।
কিন্তু ২০১০ সালের ২০ এপ্রিল চট্টগ্রামের দৈনিক আজাদীতে লালদীঘিকে সুইমিং পুলে রুপান্তরে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/পিডি/১৯৪৭ ঘ.
bdnews24