ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের পাঁচ যুগ্ম-সচিব পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিএলসিইএইচডি প্রকল্পের-২ প্রকল্প পরিচালক জায়েদুল হক মোল্লাহ, বিআইডব্লিউটিসি'র পরিচালক মোহাম্মদ ওসমান আমীন ও ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহমেদকে ওএসডি করা হয়েছে।
অন্যদিকে, ওএসডি যুগ্ম-সচিব নূর জাহানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এবং যশোরের প্রাক্তন জেলা প্রশাসক (ডিসি) নূরুল আমিনকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে নূর জাহানকে বিসিকের পরিচালক এবং নূরুল আমিনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হলেও তা বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এএল/১৭৪৪ ঘ.
bdnews24