২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীই চালান'

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার তৎপরতা নিয়ে আলোচনার মধ্যে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বললেন, কোনো উপদেষ্টা নন, পররাষ্ট্রমন্ত্রীই এ মন্ত্রণালয় চালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার তৎপরতা নিয়ে আলোচনার মধ্যে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বললেন, কোনো উপদেষ্টা নন, পররাষ্ট্রমন্ত্রীই এ মন্ত্রণালয় চালান। বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সরকারে দায়িত্ব পালন করছেন দীপু মনি। এ ছাড়া প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টার মধ্যে আন্তর্জাতিক বিষয় উপদেষ্টার দায়িত্বে রয়েছেন গওহর রিজভী। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সঙ্গে মন্ত্রণালয়ের টানাপোড়েনের বিষয়টি অনেক দিন ধরেই আলোচনায় রয়েছে। গত বৃহস্পতিবার সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কথা তুলে ধরে বলেন, "এ মন্ত্রণালয় কে চালাচ্ছে, মন্ত্রী না উপদেষ্টা। তা কেউ জানে না।" পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা একই কথা তুললে সচিব বলেন, "আমি আপনাদের বলতে পারি, পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীই চালাচ্ছেন। কোনো উপদেষ্টা নয়। তার নির্দেশ অনুযায়ীই আমি কাজ করি।" বিদ্যুৎ ও সীমান্ত দুটি বিষয় হলো অন্য দেশের সঙ্গে এ বিষয়ক আলোচনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য দিয়েই হয় বলে জানান তিনি। "তবে এ ধরনের প্রক্রিয়া এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্ব দিই আমরা", বলেন মিজারুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৬৩৫ ঘ.