২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ কারখানায় সার উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে। তবে মজুদ যথেষ্ট থাকায় আপাতত সার সরবরাহ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে। তবে মজুদ যথেষ্ট থাকায় আপাতত সার সরবরাহ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে কারখানার নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে সার কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যায়। কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) জিএম আবু নাছের আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দুটি অলটারনেটরে ত্র"টি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কারখানার সব ইউনিটেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বন্ধ অলটারনেটরগুলো চালু করার জন্য স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তবে অলটানেটর রাতের মধ্যে চালু হলেও কারখানা চালু হতে আরো দুদিন সময় লাগবে বলে জানান প্রকৌশলী নাসের। আশুগঞ্জ কারখানা বন্ধ থাকায় প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যে প্রায় ১৪শ' মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে। তবে কারখানায় বর্তমানে কারখানায় ৬৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। যা পর্যাপ্ত বলে জানিয়েছেন মহাব্যবস্থাপক। চলতি অর্থ বছরে ৪ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। গত দুই মাসে কারখানায় উৎপাদন হয়েছে ৩০ হাজার মেট্রিক টন। ১৫০ কোটি টাকা ব্যয়ে মেরামতের পর তিন মাসের মধ্যে যান্ত্রিক ত্র"টিসহ বিভিন্ন কারণে এ নিয়ে পাঁচ বার এ কারখানায় সার উৎপাদন বিপর্যয় ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১০ ঘ.