চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে জাল নোটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত দুইটার দিকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সদীপ কুমার দাশের নেতৃত্বে একটি দল জাল নোটসহ মো. এরশাদ মিয়াকে (২৮) গ্রেপ্তার করে।
এরশাদ চট্টগ্রামের ভুজপুর থানার আদর্শ গ্রামের মো. মিয়া সওদাগরের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দুইটার দিকে পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে ৩০ হাজার টাকার জাল নোটসহ এরশাদকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা জাল নোটের মধ্যে এক হাজার টাকার তিনটি, পাঁচশ টাকার ২০টি ও একশ টাকার ১৭০টি নোট রয়েছে।
এসআই মহসীন জানান, এরশাদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলায় রয়েছে। ওই মামলায় এরশাদের ১০ বছরের সাজা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদ জানিয়েছে সে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের সদস্য। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/এএল/১৬১৪ ঘ.
bdnews24