নরসিংদী, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সোহাগ পরিবহনের সিলেটমুখী একটি ভলভো বাসের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় শিবপুর উপজেলার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।
শিবপুর থানার ওসি ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে সিলেটগামী সোহাগ পরিবহনের ভলভো বাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে বেলা সোয়া ১১টার দিকে চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ভলভো বাসের চালকের সহকারী আ. মজিদ (৪৫), ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিপণন কর্মকর্তা আজহারুল আমিন (৪০), শাহনাজ আক্তার বকুল (৩০), ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরের চেইনম্যান মোহাম্মদ আলী (৪৫), শিবলি রেজা (৩৫), বুলবুল আহমেদ (৩৫), সোনিয়া বেগম (৩০), মাহিন (৮), সোহেল মিয়া (২৬), আতাউর রহমান আতিক (৩২), তপন দেবনাথ (৪৫), মোজাম্মেল হক (৪৫) ও সোহেল (২৬)।
আহতদের মধ্যে ৩০ জনকে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
দুর্ঘটনায় আহত ভলবো বাসের যাত্রী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আহমেদ জানান, প্রচন্ড বৃষ্টির মধ্যে সিলেটগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী ভলবো বাসটির একটি চাকা ফেটে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।
নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসক আব্দুর রশীদ জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
নরসিংদীর জেলা প্রশাসক ওবাইদুল আজম ও পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/কেটি/কিউএইচ/এমআই/আরএ/১৭৩৩ ঘ.
bdnews24