২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

বাংলাদেশ/স্বাস্থ্য আদার টপ বিএন-২৫ ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। রাজধানীর সেগুনবাগিচার ইব্রাহীম সরণীতে বৃহস্পতিবার বারডেম জেনারেল হাসপাতালের ১০০ শয্যার দ্বিতীয় শাখা 'মহিলা ও শিশু হাসপাতালের' উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। হাসিনা বলেন, "স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি নাগরিকের ঘরের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।" মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ডায়াবেটিক সমিতির পরিচালনায় বারডেম হাসপাতালের এ শাখায় শুধু মহিলা ও শিশুদের চিকিৎসা দেওয়া হবে। তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা আনুপাতিক হারে বাড়ানো হবে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সেবার মান নিশ্চিত করতে 'বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট' ও জাতীয় ঔষধনীতি প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে বন্ধ হওয়া কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১১ হাজার আবার চালু করা হয়েছে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে এ পেশায় নিয়োজিতদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যে কোনো জায়গায় অবস্থান করেও যাতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন তা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হবে। দরিদ্র ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম চালু করা হয়েছে বলেও জানান তিনি। সরকারি হাসপাতালে চিকিৎসার মানোন্নয়নে এ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২৫০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেন, "মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালসহ দেশের ৪২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। যশোর মেডিকেল কলেজসহ স্বাস্থ্যসেবা বিষয়ক ১৩টি নতুন প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে। আরো চারটি নতুন মেডিকেল কলেজ এবং পাঁচটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি প্রতিষ্ঠার কার্যক্রম সরকার হাতে নিয়েছে।" প্রধানমন্ত্রী বলেন, "শিগগিরই আরো পাঁচ শতাধিক চিকিৎসক এবং ১৪ হাজার স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হবে। পাঁচ হাজার নার্সের পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন আছে।" সাধারণ মানুষকে ভাত ও মাছের পাশাপাশি কীভাবে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণের জন্য ডায়াবেটিক সমিতিকে আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কাজে প্রয়োজনে স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় আপনাদের সহায়তা করবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী হাসপাতালের ফলক উন্মোচন করেন। পরবর্তীতে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এমআই/১৫১৫ ঘ.