দিনাজপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর পৌরসভার জমি নিয়ে বিরোধের জেরে মেয়রকে ফোনে হত্যার হুমকি দিয়েছে বলে জানান তিনি।
বুধবার বেলা দেড়টার দিকে অরুণ সরকার নামে এক ব্যক্তি মোবাইল ফোনে (নম্বর ০১৬৮১৫৫৯৫৪৬) তাকে হুমকি দেয়।
অরুণ সরকার নিজেকে পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্য বলে দাবি করেছে।
মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, ওই ব্যক্তি ফোনে তাকে বলে, শহরের মাতাসাগরে অবস্থিত পৌরসভার ময়লা ফেলা গাড্ডার জমি নিয়ে যে বাড়াবাড়ি ও দখলবাজি শুরু করেছেন তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর।
কথা শেষ করেই ফোনের সংযোগ কেটে দেয়।
এ ব্যাপারে মেয়র দিনাজপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৬৬৬) করেছেন।
কোতয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোনের নম্বরটির সাহায্যে ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
গত ২২ জুলাই রাতে দিনাজপুর পৌরসভার ৭ দশমিক ৬০ একর জমি কতিপয় দুর্বৃত্ত দখল করে। পরে ২৫ জুলাই পৌর মেয়র লোকজন নিয়ে জমিটি আবার দখলে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24