২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবল ট্র্যাক হচ্ছে টঙ্গী-ভৈরব রেলপথ

ঢাকা-চট্টগ্রাম রেল রুটের টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত ৬৪ কিলোমিটার রেল লাইন ডাবল ট্র্যাকে উন্নীত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রেল রুটের টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত ৬৪ কিলোমিটার রেল লাইন ডাবল ট্র্যাকে উন্নীত হবে। এজন্য বাংলাদেশ রেলওয়ে এবং চায়না রেলওয়ে গ্র"পের মধ্যে বুধবার দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে। এক হাজার ৪০৫ কোটি টাকা ব্যয়ে এ রেল লাইন ডাবল ট্র্যাকে উন্নয়নের কাজটি করবে চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্র"প লিমিটেড। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এতে অর্থ সহায়তা দিচ্ছে। এ উন্নয়নের কাজে সম্ভাব্য ব্যয় এক হাজার ৪০৫ কোটি টাকার মধ্যে এডিবি দিচ্ছে এক হাজার ৩৩১ কোটি টাকা। বাকি ৭৪ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। ঢাকার রেলওয়ে ভবনে রেলওয়ের মহাপরিচালক আবু তাহের এবং চায়না রেলওয়ের উপ-মহাব্যবস্থাপক ওয়েব ডং চুক্তিতে সই করেন। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানজি এ সময় উপস্থিত ছিলেন। যোগাযোগমন্ত্রী বলেন, "রেলওয়ের মান উন্নয়ন এবং সংস্কারে সরকার অনেক কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০১২ সালের শেষের দিকে এসব কাজ দৃশ্যমান হতে শুরু করবে।" অনুষ্ঠানে তিনি জানান, সরকারের নিজস্ব অর্থায়নে স্বল্প দূরত্বে ২০টি নতুন বগি কিনে নারায়ণগঞ্জ, জয়দেবপুর, টঙ্গী, ময়মনসিংহ ও সিরাজগঞ্জ রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হবে। রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলওয়ে করিডোরের মোট দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। এর মধ্যে ১২৪ কিলোমিটারে ডাবল ট্র্যাক রয়েছে। নতুন করে ১২৫ কিলোমিটার ডাবল ট্র্যাকে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে টঙ্গী থেকে ভৈরব বাজার অংশের কাজ শুরু হচ্ছে। অনুষ্ঠানে রেলবিভাগের সচিব ইবাদত আলী, প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী ও এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএম/আরএ/পিডি/১৯১৮ ঘ.