সিলেট , জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত এলাকার বিরোধপূর্ণ ভূমি জরিপ নিয়ে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের যৌথ প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।
রোববার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি সীমান্ত ফঁড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার দে সাংবাদিকদের বলেন, বৈঠকে বিয়ানীবাজার উপজেলায় সীমান্তের নোয়াগাঁও মৌজা এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল সীমান্ত এলাকায় যৌথ জরিপ কার্যক্রম শুরু নিয়ে আলোচনা হয়।
এ দুটি এলাকায় ভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ চলছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) মো. ইকবাল, উপ-পরিচালক খংকাম নীলমণি সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আল-রাজি প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে ছিলেন আসাম রাজ্যের জরিপ বিভাগের সহকারী পরিচালক বি.কে. বড়া, করিমগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম.এ. লস্কর, বিএসএফ ১৩৬ ব্যাটালিয়নের অধিনায়ক এন.কে. রায় প্রমুখ।
শনিবার উভয় দেশের প্রতিনিধিরা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল সীমান্তে বিরোধীয় ভূমি পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৭ ঘ.
bdnews24