২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা, নিহত ৩

নাটোরের লালপুরে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত একটি ভ্যান চুরমার হয়ে তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 05:00 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

নাটোর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুরে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত একটি ভ্যান চুরমার হয়ে তিন জন নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুলপুর ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছে ভ্যানের আরো পাঁচ যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতজন যাত্রী নিয়ে ভ্যানটি আব্দুলপুর রেল ক্রসিং (যা স্থানীয়ভাবে করিমপুর গেট নামে পরিচিত) অতিক্রম করার সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেন তিতুমীরের সঙ্গে এর সংঘর্ষ হয়। লালপুর থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, "এতে ঘটনাস্থলে ভ্যানের তিন যাত্রী নিহত হয়। আহত হয় আরো পাঁচ জন, যাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।" নিহতরা হলেন- উপজেলার কামারহাটি গ্রামের আক্কাস আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদ (৪৬), প্রয়াত ছবির উদ্দিনের ছেলে রয়েজ উদ্দিন (৫৮) ও সালামপুর গ্রামের মৃত গোবিন্দ সাহার ছেলে স্বপন কুমার (৩৫)। আহতরা হলেন- উপজেলার বড়বড়িয়া গ্রামের গোলাম জাকারিয়ার স্ত্রী নিভা বেগম (৩৫), ছেলে লিমন (৬), শেরপাড়া গ্রামের নইম উদ্দিন মোল্লার ছেলে স্বপন (৩৫), বাগাতিপাড়ার সরফপুর গ্রামের রইজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪০) এবং তার মেয়ে মিতা (১৯)। আলমগীর হোসেন নামে স্থানীয় এক যুবক সাংবাদিকদের বলেন, "দুর্ঘটনার সময় ক্রসিংয়ের গেট খোলা ছিলো, গেটম্যানকেও দেখা যায়নি।" দুর্ঘটনাস্থলে নিহতদের দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না বলে ওসি জানান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য অতিরিক্ত প্রকৌশলী (ট্র্যাক) আব্দুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ রোববার দুপুরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে রেলওয়ে পশ্চিম অঞ্চলের (রাজশাহী) মহা-ব্যবস্থাপক (জিএম) মো. আমজাদ হোসেন জানিয়েছেন। তদন্ত কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্থানীয় লোকজনকেও জিজ্ঞাসাবাদ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/এমআই/১৮২০ ঘ.