২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৫, সেনা তলব

চট্টগ্রাম নগরীর টাইগারপাস সংলগ্ন বাটালি হিলে পাহাড় ধসে ৬টি ঘর চাপা পড়েছে। মাটির নিচ থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 05:50 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর টাইগারপাস সংলগ্ন বাটালি হিলে পাহাড় ধসে ৬টি ঘর চাপা পড়েছে। মাটির নিচ থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে সেনাবাহিনী তলব করা হয়েছে। এলাকাবাসী জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কোন এক সময় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে পাহাড়ের ধসে পড়া মাটির ভারে রিটার্নিং দেয়াল ভেঙ্গে পড়ে। এতে দেয়ালের পাশে ৬টি ঘর চাপা পড়ে। খুলশী থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানান, নিহত ৫ জন হলো মা রেহানা বেগম (৩২), তার মেয়ে ফাতেমা (৯) ও তানজিনা (২) এবং আজাদ (১০) ও শারমিন (১৭)। এ ছাড়া পাহাড় ধসের প্রায় ৫ ঘণ্টা পর মাটি ও দেয়ালের নিচ থেকে আহতাবস্থায় আনোয়ার (২৫) নামের একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ সাংবাদিকদের জানান, উদ্ধার কাজে সেনাবাহিনী নামানো হচ্ছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী জানান, বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। তিনি জানান, কয়েকদিন ধরে চট্টগ্রামে বৃষ্টির কারণে ওই পাহাড় এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে এলাকার লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো। ওসি আবু জাফর জানান, কয়েকদিন ধরেই পাহাড়ের পাদদেশে বসতি স্থাপনকারীদের সরে যাওয়ার জন্য বলা হচ্ছিলো। বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে লোকজনকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু রাতে তারা আবার ফিরে আসে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মঞ্জুর আলম, জেলা প্রশাসক ফয়েজ আহমেদ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৫২ ঘ.