বান্দরবান, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান শহরের উজানীপাড়ায় বৌদ্ধমন্দির (প্যাগোডা) থেকে শনিবার রাতে দু'টি স্বর্ণের মূর্তি চুরি হয়েছে।
রোববার সন্ধ্যায় মন্দির কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানিয়েছেন, মন্দিরের দু'টি কাঠের দরজা দুর্বৃত্তরা শাবল দিয়ে ফাঁক করে ছিটকিনি খুলে ভেতরে ঢোকে।
"তারা দু'টি স্বর্ণের মূর্তি ও বিপুল পরিমাণ স্বর্ণের অলঙ্কার নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষ রাতে থানায় গিয়ে বিষয়টি জানায়," বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, সদর থানার ওসিসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন।
এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই মনিরুল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৫ ঘ.
bdnews24