২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজনৈতিক দলগুলোকেই সমাধানে পৌঁছাতে হবে'

পরস্পরের বিরোধিতার রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সফররত ইউরোপীয় প্রতিনিধি দলের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরস্পরের বিরোধিতার রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সফররত ইউরোপীয় প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গস বলেন, বাংলাদেশ গত কিছু দিনে যথেষ্ট উন্নতি করেছে। এখন সময় এসেছে, রাজনীতিবিদদেরও এগিয়ে আসতে হবে। ইইউ কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গস ও জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডির্ক নিয়েবেল চার দিনের সফরে গত সোমবার ঢাকা পৌঁছান। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গেলে খালেদা জিয়া তাদের কাছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের বিরুদ্ধে দলের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হলে তা অবাধ ও নিরপেক্ষ হবে না। ওই নির্বাচন জনগণের কাছেও গ্রহণযোগ্যতা পাবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের ৫১টি সুপারিশ সম্বলিত একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদের অনুমোদন পেয়েছে। শিগগিরই তার বিল আকারে সংসদে ওঠার কথা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার রাখার আর সুযোগ নেই। বিরোধী দলের অন্য কোনো প্রস্তাব থাকলে তারা সে বিষয়ে আলোচনা করতে পারে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখা না হলে কোনো আলোচনাতেই তারা রাজি নয়। এ বিষয়ে ইইউ কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গস সংবাদ সম্মেলনে বলেন, "রাজনৈতিক দলগুলোর বিরোধ তাদের নিজেদেরই মেটাতে হবে। কেবল পরস্পরের বিরোধিতার রাজনীতি না করে জনগণের জন্য রাজনীতি করতে হবে।" ইইউ কমিশনার বলেন, তারা এই বিরোধে কোনো পক্ষ নেবেন না। তারা চান আলোচনার মাধ্যমেই এর সুরাহা হোক। জার্মান মন্ত্রী ডির্ক নিয়েবেল বলেন, আজ যারা বিরোধী দলে, আগামীতে হয়তো তারাই ক্ষমতায় যাবে। কিন্তু তখনও ঠিক একই সমস্যা চলতে পারে। এ কারণে রাজনীতিবিদদেরই এই সমস্যা মেটাতে এগিয়ে আসতে হবে। আর বাংলাদেশের রাজনীতিবিদরা তা পারবেন বলেই আশা প্রকাশ করেন নিয়েবেল। চলতি সরকারের মেয়াদ শেষে ২০১৪ সালে ইউরোপীয় ইউয়নিয়ন বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে উল্লেখ করেন আন্দ্রিস পিয়েবাল্গস। ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্র"ত ঋণ-সহায়তার পরিমাণ কমাবে না উল্লেখ করে তিনি বলেন, "তবে আমরা চাই, এই অর্থের সঠিক ও সদ্ব্যবহার হোক। কাজটি মানসম্মত হোক। আর প্রকল্প শেষে ভাল ফল আসুক।" বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৫২ শতাংশ ইউরোপের বাজারে যায় উল্লেখ করে তিনি বলেন, "এর ফলে বাংলাদেশে অনেক মানুষের কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় আমরা সন্তুষ্ট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২৩৩১ ঘ.