ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার অভিযোগে কোরিয়ার কাপড় রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহষ্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন ঢাকার মিরপুরের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুপম ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম সাজ্জাদ।
মহানগর হাকিম আনোয়ার সাদাত বাদির বক্তব্য শুনে মামলাটি এজাহার হিসাবে গ্রহণ করতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
আসামিরা হলেন- কোরিয়ার কাপড় রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্যাংকুন টেক্সটাইলের প্রেসিডেন্ট জেএস কুন, একই প্রতিষ্ঠানের কর্মকর্তা জেমস আহন। কোরিয়ার তৈরি পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান স্যাম লিপ ইন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং আরেক কোরিয়ান প্রতিষ্ঠান ইলঝিন অ্যাপারেলসের কর্মকর্তা জেএইচ লিম।
মামলার আর্জিতে বলা হয়, ২০০৯ সালে অনুপম ফ্যাশনের সঙ্গে স্যাম লিপ কোম্পানির একটি চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী বাংলাদেশের তৈরি পোশাক কোরিয়ায় পাঠানোর কথা ছিলেঅ। কিন্তু স্যাম লিপ কোম্পানী শর্ত জুড়ে দেয়, তাদের মনোনীত কোরিয়ান প্রতিষ্ঠান ক্যাংকুন টেক্সটাইল থেকে পোশাক তৈরির কাপড় কিনতে হবে।
সে অনুযায়ী অনুপম ফ্যাশন কোরিয়া থেকে এলসির মাধ্যমে কাপড় আমদানি করে। ক্যাংকুন টেক্সটাইল স্যাম্পল অনুযায়ী কাপড় না পাঠিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে নিুমানের কাপড় পাঠায়।
অনুপম ফ্যাশন বিষয়টি তাদের জানালে স্যাম লিপ পোশাক তৈরি করতে বলে এবং আশ্বাস দেয় ওই পোশাকই তারা গ্রহণ করবে।
পোশাক তৈরির পর ওই পোশাক গ্রহণ করতে স্যাম লিপ অস্বীকৃতি জানায়। ওদিকে ক্যংকুন টেক্সটাইল তাদের পাঠানো নিুমানের কাপড়ের এলসি মূল্য পরিশোধ করতে বাদির প্রতিষ্ঠানকে চাপ দিতে থাকে।
বাদির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল ও শাহজামান ফিরোজ তুহিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০১২ ঘ.
bdnews24