ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান অনুযায়ী সংসদীয় কমিটির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বাতিল করায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সদস্যরা। এ জন্য সাংসদরা পরোক্ষভাবে আইনমন্ত্রী শফিক আহমেদের সমালোচনা করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষে বক্তব্য দিলে সাংসদরা তার বক্তব্যেরও সমালোচনা করেন।
সংসদীয় কমিটির দায়িত্ব ও এখতিয়ার সুনির্দিষ্ট করার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সংবিধানের ৭৬(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী একটি আইনের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। সে অনুযায়ী মন্ত্রণালয় একটি খসড়া তৈরি করে তা মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করে।
গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত আইনটি বাতিল হয়ে যায়।
রোববার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে বিষয়টি উত্থাপন করে মইনউদ্দিন খান বাদল। মন্ত্রিপরিষদ প্রস্তাবটি খারিজ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এরপর সাংসদ ফজলে রাব্বি মিয়া বলেন, "আইন মন্ত্রণালয় কী ধরনের খসড়া মন্ত্রিপরিষদে পাঠিয়েছে তা আমরা জানি না। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই মন্ত্রীরা আইনটি বাতিল করে দিয়েছেন। তাদের মনে রাখা উচিত, কোনো না কোনো সময়ে তাদেরকেও সংসদীয় কমিটির সভাপতি পদে আসতে হতে পারে।"
এ সময় রাশেদ খান মেননও দুই সাংসদের বক্তব্যকে সমর্থন করে বক্তব্য দেন।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন. "সরকার ইউএনডিপির কাছ থেকে টাকা নিচ্ছে সংসদের কমিটি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। অথচ মন্ত্রীরা প্রস্তাবিত আইনটি বাতিল করে দিলেন। এই মন্ত্রিপরিষদে এমন সদস্যও আছেন, যারা একবার জিতেই সিনিয়র মিনিস্টার হয়ে গেছেন। এই মন্ত্রিপরিষদে অনেক অনির্বাচিত সদস্যও আছেন। নির্বাচিত সাংসদের পাস করা খসড়া আইন বাতিল করার ক্ষমতা তাদের নেই।"
প্রস্তাবটির ব্যাপারে মন্ত্রিপরিষদের নতুন করে বিবেচনা করা উচিত বলে মত দেন তিনি।
সুরঞ্জিতের বক্তব্যের পর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "খসড়া আইনটি আদৌ বাতিল হয়েছে কি না তা নিশ্চিত না হয়ে এবং আইন মন্ত্রীর অনুপস্থিতিতে পত্রিকায় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে সংসদে আলোচনা করা উচিত হয়নি। এতে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ
bdnews24