চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ষোলশহর ও মুরাদপুর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪টায় পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেইট সংলগ্ন ফরেস্ট রোড ও মুরাদপুর ২ নম্বর গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কান্তি বিশ্বাস জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনির তালুকদার (৩২), অহিদ খা (৩০) ও আকমল শেখ (৪২)। তাদের কাছে ৯০ হাজার টাকাও পেয়েছে পুলিশ।
এসআই অরুণ কান্তি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে মুরাদপুর সিডিএ এভিনিউ এলাকার রবি মোবাইল ফোন কোম্পানির অফিসের সামনে ইসমাইল হোসেন নামে এক যুবকের কাছ থেকে তিন জন ছিনতাইকারী ৯৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ষোলশহর ২ নম্বর গেইট সংলগ্ন ফরেস্ট রোড থেকে দুজনকে এবং সুগন্ধা আবাসিক এলাকা থেকে অন্যজনকে গ্রেপ্তার করে বলে তিনি জানান।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ইসমাইল বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৪৫ ঘ.
bdnews24