ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের জিজ্ঞাসাবাদে অপরাধ অস্বীকার করেছেন একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ।
তবে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত বিভিন্ন তথ্য তদন্তের কাজে লাগবে বলে জানিয়েছে তদন্ত দল। একই সঙ্গে তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।
রোববার সেফ হোমে জিজ্ঞাসাবাদ শেষে এ সব কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সানাউল হক।
তিনি বলেন, "জিজ্ঞাসাবাদে মুজাহিদ অপরাধ অস্বীকার করেছেন।"
ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের সময় পাশের কক্ষে ছিলেন মুজাহিদের আইনজীবী মুন্সী আহসান কবির।
আহসান কবির পরে সাংবাদিকদের বলেন, "মুজাহিদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়নি। তিনি মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন।"
ট্রাইব্যুনালকে বরাদ্দ দেওয়া ধানমণ্ডির একটি বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে তদন্ত দল, একেই সেফ হোম বলা হচ্ছে।
সকাল পৌনে ১০টায় মুজাহিদকে কারাগার থেকে সেফ হোমে নেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী ডাক্তারি পরীক্ষার পর সকাল ১০টায় জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে বলে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সানাউল হক জানান। এরপর মুজাহিদকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
মুজাহিদকে জিজ্ঞাসাবাদের তিনদিন আগে স্বাধীনতার বিরোধিতাকারী এ দলটির আমির মতিউর রহমানকে নিজামীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত কর্মকর্তা সানাউল সেদিন সাংবাদিকদের বলেন, পাকিস্তানি বাহিনীর চাপে আল বদর বাহিনী গঠন করেছেন বলে নিজামী জিজ্ঞাসাবাদে দাবি করেন। তবে নিজামীর আইনজীবীর দাবি, নিজামী কিছুই বলেননি।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপিরও দুই নেতা একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/পিডি/১৯০২ ঘ.
bdnews24