২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ইসলামী আন্দোলন-পুলিশ সংঘর্ষ, গ্রেপ্তার ১০

রংপুর পৌর বাজারের কাছে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

রংপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর পৌর বাজারের কাছে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে । বৃহস্পতিবার বিকালে এ সংঘর্ষ বাধে এবং তা পৌর বাজার থেকে পুলিশ লাইন এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী আন্দোলন আগামী ২ মে ঢাকায় গণঅবস্থান কর্মসূচি সফল করার জন্য পৌর বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে সমাবেশের আয়োজন করে। বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য রয়েছে। গ্রেপ্তারকৃত ১০ জন হলেন খাইরুল ইসলাম, ফেরদৌস আহাম্মেদ, মাহফুজার রহমান, রিয়াল মিয়া, খাদেমূল ইসলাম, মোকতার হোসেন, মোস্তাফিজার রহমান, মোহসীন আলী, সোলায়মান আলম ও আবুল হাশেম। তারা সবাই ইসলামী আন্দোলনের নেতাকর্মী। এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে ইসলামী আন্দোলনের রংপুর বিভাগীয় শাখার সমন্বয়কারী ও রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান কাশেমী বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষে মিছিল বের করার সময় পুলিশ বিনা উস্কানিতে আমাদের মিছিলে হামলা চালিয়ে বেদম মারধর করেছে।" তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করে বলেন, "তা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৫ ঘ.