নওগাঁ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাক সোমবার মধ্যরাতে টাঙ্গাইলের করটিয়া এলাকায় ছিনতাই হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত নওগাঁ থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া চাল ও তেলবোঝাই আটটি ট্রাক ছিনতাই হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ওসি আলী আহমেদ হাশমী জানান, সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের ধান-চাল ব্যবসায়ী দীপক কুণ্ডুর মেসার্স সততা রাইস এজেন্সি থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ২৮০ বস্তা (৫০কেজির) চাল নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-০৮৩৯) ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মধ্যরাতে টাঙ্গাইলের করটিয়া এলাকায় পৌঁছলে ট্রাকের চাকা ফেটে যায়। সঙ্গে থাকা অতিরিক্ত চাকা লাগিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার সময় তারা ছিনতাইয়ের কবলে পড়ে।
এ সময় ট্রাকের সামনে দুটি মাইক্রোবাস ফেলে অবরোধ দিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নেয় ছিনতাইকারীরা। ট্রাক চালক মো. আব্দুর রহমান ও সহকারী ফিরোজ মিয়াকে অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় কয়েকজন। বাকিরা নিয়ে যায় চালবোঝাই ট্রাকটি।
পরে চালক ও সহকারীকে মাইক্রোবাসের মধ্যে পাওয়া যায়।
চালের মালিক দীপক কুণ্ডু বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নওগাঁ জেলা ট্রাক পরিবহন মালিক গ্র"পের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান টিপু জানান, ফেব্র"য়ারি মাসে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম শহিদুল হক ঢাকায় নওগাঁর ধান-চাল আড়তদার ও ট্রাক ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় আশ্বস্ত করেছিলেন যে, মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হবে। কিন্তু পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের আশ্বাস উপেক্ষিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০০০ ঘ.
bdnews24