কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম শহরের বৈশ্যপাড়া গ্রামের এক মেয়েকে তার শ্বশুর বাড়িতে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই মেয়ের নাম সান্তনা রানী (২০)। রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামে সান্তনার স্বামী ষষ্ঠি রায়ের (২৪) বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগে বলা হয়েছে।
সান্তনার বাবা মানিক রায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগে বলেছেন, ষষ্ঠি রায় ও তার পরিবারের লোকজন একটি বাই সাইকেলের জন্য অমানুষিক নির্যাতন করে সান্তনাকে হত্যা করেছে।
শুধু তাই নয়, মৃত্যুর খবর সান্তনার বাবা-মা ও ভাইবোনদের না জানিয়ে তাড়াহুড়ো করে মৃতদেহ সৎকার করার জন্য নিয়ে যাওয়া হয় শ্মশানে। চিতায় আগুনও দেওয়া হয়।
সান্তনাকে হত্যা করা হয়েছে মর্মে বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত শ্মশানে গিয়ে লাশ উদ্ধার করে আনে।
পুলিশ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকাল ১১টার দিকে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে ছিল।
সান্তনার বাবা মানিক রায়, ভাই অসীম রায় ও ভগ্নিপতি মনভোলা রায় শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আসেন। মানিক রায় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে কন্যার মৃত্যুর খবর তিনি লোকমুখে শুনতে পান। উপায়ান্তর না দেখে তিনি কুড়িগ্রাম সদর থানায় গিয়ে তার কন্যাকে হত্যা করা হয়েছে বলে জানান এবং পুলিশের সহায়তা চান।
কুড়িগ্রাম সদর থানা পুলিশ বিষয়টি দেখার জন্য রংপুরের পীরগঞ্জ থানাকে অনুরোধ করে। পীরগঞ্জ থানা পুলিশ শ্মশানে গিয়ে লাশ উদ্ধার করে আনে।
মানিক রায় আরো জানান, সান্তনাকে দুই বছর আগে ৫০ হাজার টাকা নগদ এবং ১ ভরি ওজনের সোনার গহনা, কাপড়চোপড়, আসবাবপত্র ও বাসনকোসন যৌতুক হিসেবে দিয়ে বিয়ে দিয়েছিলেন ষষ্ঠি রায়ের সঙ্গে। বাকি ছিল একটি বাই সাইকেল। এই সাইকেলের জন্যই ষষ্ঠি ও তার পরিবারের লোকজন সান্তনাকে বৃহস্পতিবার রাতে অমানুষিক নির্যাতন করে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. ময়নুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি দেখার জন্য পীরগঞ্জ থানাকে অনুরোধ জানানো হয়েছিলো।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগের ভিত্তিতে লাশ শ্মশান থেকে আনা হয়েছে। একটি ইউডি মামলা রেকর্ড করে ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭০৯ ঘ.
bdnews24