২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারের ভোজে যাচ্ছেন প্রধান বিচারপতি

সুপ্রিম আইনজীবী সমিতির ভোজসভায় যোগ দিচ্ছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, যদিও তার বিরুদ্ধে সমিতির কর্মসূচির কারণে সরকার সমর্থক আইনজীবীরা বার্ষিক এ ভোজ বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম আইনজীবী সমিতির ভোজসভায় যোগ দিচ্ছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, যদিও তার বিরুদ্ধে সমিতির কর্মসূচির কারণে সরকার সমর্থক আইনজীবীরা বার্ষিক এ ভোজ বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে। সুপ্রিম কোর্টের একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সমিতির ভোজে প্রধান বিচারপতির যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সমিতির সভাপতি ও সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যরা বৃহস্পতিবার দুপুরের ওই ভোজসভায় অংশ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন। পরে জ্যেষ্ঠ আইনজীবীরাও তাকে অনুরোধ করেন। বারের সদস্যদের প্রতি সম্মান দেখিয়ে প্রধান বিচারপতি ভোজসভায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে রয়েছে বিএনপি সমর্থকরা। হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠনসহ কয়েকটি দাবিতে সমিতি প্রধান বিচারপতির আদালত বর্জনসহ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছে। তবে সরকার সমর্থক আইনজীবীরা সমিতির এ আন্দোলনের বিরোধিতা করছে। গত ২৭ জানুয়ারি সমিতির বিক্ষোভের পর সর্বোচ্চ আদালত হুঁশিয়ারি দিয়ে বলে, বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এ রকম যে কোনো কর্মসূচি শাস্তিযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে। ওই দিন বিকালে সরকার সমর্থক আইনজীবীরা প্রধান বিচারপতি সম্পর্কে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে তার এজলাসের সামনে করা কর্মসূচির জন্য ক্ষমা না চাইলে বার্ষিক ভোজসভা বর্জনের ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/এইচএ/২৩৫০ ঘ.